আরিফিন শুভ ও কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’

✎ বিনোদন প্রতিবেদক
প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৬

সম্প্রতি আরিফিন শুভ ও কেয়া পায়েলের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। ছবির ক্যাপশনে ছিল—‘হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল’। তবে বাস্তবে বিয়ে নয়, এটি ছিল তাদের নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণা।

জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্মটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে চরকিতে দেখা যাচ্ছে। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।

গল্পে বিয়ের পরের জীবনে এক দম্পতির ভালোবাসা, সন্দেহ, অভিমান, ভুল বোঝাবুঝি ও পারস্পরিক বোঝাপড়ার নানা দিক তুলে ধরা হয়েছে। রোমান্টিকতার পাশাপাশি দাম্পত্য জীবনের পরিচিত কিছু মুহূর্তও উঠে এসেছে এতে।

জাহিদ প্রীতমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নির্মিত সিনেমাটিতে শুভ-কেয়া ছাড়াও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকারসহ অনেকে।

ছবিয়ালের প্রযোজনায় নির্মিত ‘হ্যাপিলি ম্যারিড’ ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সপ্তম সিনেমা। এটি কেয়া পায়েলের প্রথম ওটিটি কাজ।

ই-প্রিন্ট