
তবে ভুল খাদ্যাভ্যাস, পানিশূন্যতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। সময়ের সঙ্গে এ চাপই পাথর, সংক্রমণ বা দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।
চিকিৎসকদের মতে, কিডনিকে ভালো রাখতে আলাদা কোনো জটিল নিয়ম মানতে হয় না। প্রতিদিনের খাবারের মধ্যেই রয়েছে সহজ সমাধান।
কিছু সাধারণ ফল প্রদাহ কমাতে, শরীর পরিষ্কার রাখতে এবং কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে বিশেষভাবে উপকারী।
নিচে কিডনিবান্ধব ছয়টি ফলের উপকারিতা তুলে ধরা হলো—
১) ব্লুবেরি
ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন কিডনির ভেতরের প্রদাহ কমায় এবং কোষকে সুরক্ষা দেয়। এতে পটাসিয়াম, সোডিয়াম ও ফসফরাসের পরিমাণ কম থাকায় প্রায় সবার জন্যই নিরাপদ। সকালের ওটস, দই বা স্মুদিতে মিশিয়ে খাওয়া যায়।
২) ক্র্যানবেরি
মূত্রনালী সংক্রমণ প্রতিরোধে ক্র্যানবেরি বিশেষভাবে কার্যকর। ব্যাকটেরিয়া নালীতে আটকে থাকতে না দিয়ে কিডনির ওপর চাপ কমায়। সালাদ বা স্মুদিতে ব্যবহার করা যায়; চিনি ছাড়া ক্র্যানবেরি জুসও উপকারী।
৩) স্ট্রবেরি
স্ট্রবেরিতে থাকা ভিটামিন–সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে ক্ষতি থেকে রক্ষা করে। কম পটাসিয়ামযুক্ত হওয়ায় এটি নিরাপদ ফলের তালিকায় রাখা হয়। সিরিয়াল, দই বা স্মুদি—সব কিছুর সঙ্গেই মানিয়ে যায়।
৪) আপেল
আপেলে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন–সি। রক্তের চিনি নিয়ন্ত্রণ, হজম ঠিক রাখা ও শরীরের বর্জ্য বের করতে সাহায্য করে, যা কিডনিকে সুরক্ষা দেয়। সরাসরি, সালাদে বা হালকা বেক করে খাওয়া যায়।
৫) লাল আঙুর
লাল আঙুরের রেসভেরাট্রল প্রদাহ কমায় এবং রক্তপ্রবাহ উন্নত করে, যা কিডনির কার্যক্ষমতা বাড়ায়। কম পটাসিয়ামযুক্ত হওয়ায় এটি কিডনির জন্য উপকারী। নাস্তা বা সালাদে ভালো মানায়।
৬) লেবু ও অন্যান্য সাইট্রাস ফল
লেবু, কমলা ও মাল্টায় থাকা সাইট্রেট কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে। শরীর হাইড্রেটেড রাখে ও প্রদাহ কমাতে সাহায্য করে। পানিতে লেবুর রস মিশিয়ে বা খাদ্যে পরিমিতভাবে ব্যবহার করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এসব ফল নিয়মিত পরিমাণমতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখলে কিডনি দীর্ঘদিন ভালো থাকে।