পাকিস্তানের গোলাবর্ষণে আফগানিস্তানে একই পরিবারের ৪ জন নিহত


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
পাকিস্তানের গোলাবর্ষণে আফগানিস্তানে একই পরিবারের ৪ জন নিহত

লাখোকণ্ঠ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের কামান ও মর্টারের গোলাবর্ষণে একই পরিবারের চারজন নিহত হয়েছে বলে তালেবান সরকার বৃহস্পতিবার জানিয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানায় তারা। কাবুলের কর্তৃপক্ষের মতে, দুই পক্ষের সীমান্ত সংঘর্ষে মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে সাতজন নিহত হয়েছে। সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সর্বশেষ এই হতাহতের ঘটনা বৃহস্পতিবার ভোরে খোস্ত প্রদেশের সাদকো গ্রামে ঘটে।

তিনি পাকিস্তানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক ঘরবাড়ি ও যাযাবরদের তাঁবু লক্ষ্য করে হামলার অভিযোগ তোলেন। তিনি এক্সে লিখেছেন, ‘একটি যাযাবর পরিবারের চার সদস্য—একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশু—নিহত হয়েছে এবং আরো তিন শিশু আহত হয়েছে।’ প্রাদেশিক গভর্নরের কার্যালয়ও একই সংখ্যক নিহতের কথা জানিয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং উভয় পক্ষের হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, পাকিস্তান ‘যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে লক্ষ্যভিত্তিক অভিযান’ পরিচালনা করেছে, যাতে কোনো বেসামরিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন। যদিও ফিতরাত মঙ্গলবার বলেন, সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে পাকিস্তানের গোলাবর্ষণে তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানে অন্তত ৫৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, যাদের মধ্যে ২৪ শিশু রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, এ পরিস্থিতিতে প্রায় এক লাখ ১৫ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

ইরান আরো ৬ মাস ‘কঠিন যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে : আইআরজিসি