
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি এসব মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, তারা শেখ হাসিনাকে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে দিতে চায় না। অথচ শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের আদালতে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে পাঠানো অনুরোধ প্রসঙ্গে বীণা সিক্রি বলেন, তাঁর পাসপোর্ট বাতিল হয়ে থাকলে দেশে ফেরার জন্য একটি ভ্রমণ নথি চাওয়া যৌক্তিক। তাঁকে প্রয়োজনীয় ভ্রমণ নথি দেওয়া হলে তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে পারবেন।
বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা যখন নিজেই দেশে ফিরতে চাইছেন, তখন প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর এত গুরুত্ব দেওয়ার বিষয়টি বিস্ময়কর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বারবার প্রত্যর্পণের কথা বলছেন। এতে সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বীণা সিক্রির দাবি, শেখ হাসিনাকে একটি ভ্রমণ নথি দেওয়া হলে দ্রুত তাঁর দেশে ফেরার পথ তৈরি হতে পারে। অন্যদিকে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে প্রত্যর্পণের ওপর জোর দিয়ে বাংলাদেশ সরকার তাঁর দেশে ফেরার প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানায়। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো প্রমাণপত্র না থাকায় আবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে ই-মেইলটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্টের আবেদনকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ তাঁকে পাসপোর্ট দেবে না। তাঁর মতে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির বিষয়ে পাঠানো অনুরোধের সত্যতা এবং আইনগত ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরীক্ষা করছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানিয়েছেন, প্রচলিত পাসপোর্ট আইনে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দেওয়ার আইনগত সুযোগ নেই। তাঁর মতে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই ফিরতে হবে।
এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, বাংলাদেশের প্রত্যর্পণ উদ্যোগ এবং ভারতের অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।