
সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে ভিসার আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ওই দুটি কেন্দ্রে কোনো আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
তবে কেন্দ্র দুটি বন্ধ হওয়ার পর নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে, কিংবা নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
উপ-হাইকমিশন জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।