শেখ হাসিনার ভবিষ্যৎ ও ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
শেখ হাসিনার ভবিষ্যৎ ও ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তবে তিনি কোন পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেই বাস্তবতাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। শনিবার নয়াদিল্লিতে ‘এইচটি লিডারশিপ সামিট’-এ এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্কর এসব কথা বলেন।

শেখ হাসিনা দীর্ঘ সময় ভারতে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এটি একটি ভিন্ন প্রসঙ্গ। তিনি যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, তা তার ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব ফেলবে। তবে চূড়ান্তভাবে নিজের অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী হিসেবে ভারত সবসময় চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক। বাংলাদেশের বিগত নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ ও অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যদি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।’

তিনি আরও বলেন, ভারত তার প্রতিবেশী দেশের মঙ্গল কামনা করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারই ক্ষমতায় আসুক, তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি বজায় রাখবে বলে ভারত বিশ্বাস করে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনামলের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ওই আন্দোলনে সহিংসতায় ও সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তীতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে।

সূত্র: এনডিটিভি

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০