নিরাপদ খাদ্য আইনে এক সপ্তাহে ৬৭ লাখ টাকা জরিমানা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ ৩৯১
নিরাপদ খাদ্য আইনে এক সপ্তাহে ৬৭ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে দেশব্যাপী অভিযানে এক সপ্তাহে ৬৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে ২৫টি মামলা করা হয়েছে।

বিএফএসএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযান এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালে এসব জরিমানা ও মামলা করা হয়।

এর মধ্যে ২২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা জরিমানা আদায় এবং চারটি মামলা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটিকে তিন লাখ টাকা জরিমানা এবং তিনটি মামলা করা হয়েছে।
এ ছাড়া পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে ১৫টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত সামারি ট্রায়ালে জরিমানা না হলেও তিনটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিএফএসএ জানায়, একই সময়ে দেশের বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ ২২০টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে।

বিএফএসএর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আইন প্রয়োগের পাশাপাশি নিয়মিত মনিটরিং, গবেষণা ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০