গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

✎ নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত হয়েছে: ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করার ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ভিডিওগুলো প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তাঁর ফেসবুক পোস্টে দাবি করা হয়, গেন্ডারিয়া রেললাইনের কাছে একটি ‘মাদকের আস্তানা’ লক্ষ্য করে অভিযান চালানো হয়।

ভিডিওতে দেখা যায়, ইশরাকসহ কয়েকজন একটি গাড়ি থেকে নেমে একদল লোককে ধাওয়া করছেন। এ সময় ইশরাক ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। একপর্যায়ে ইশরাককে ‘দাঁড়া’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে পুলিশের উপস্থিতিতে কয়েকজনকে আটক করার দৃশ্যও রয়েছে। অন্য একটি ভিডিওতে পুলিশকে কয়েকজনের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর দেহরক্ষী কয়েকজন মাদকসেবীকে আটকের তথ্য পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে টহল দল পাঠিয়ে ছয়জনকে আটক করা হয়।

প্রতিমন্ত্রীর হাতে আগ্নেয়াস্ত্র দেখেছেন কি না—এমন প্রশ্নে ওসি বলেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা তাঁকে অস্ত্র দেখেননি বলে জানিয়েছেন। তবে ভিডিওতে তিনি নিজেও ইশরাকের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছেন বলে জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, জীবন বা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যেতে পারে। তবে অন্যদের মধ্যে ভয় বা অস্বস্তি সৃষ্টি হয়—এমনভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিষিদ্ধ।

২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী, আত্মরক্ষার জন্য লাইসেন্সে অন্তর্ভুক্ত আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার করা যায়। তবে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে নীতিমালার বিধান প্রযোজ্য।

ই-প্রিন্ট