
বুধবার (২৪ শে ডিসেম্বর ২০২৫ ) মাগুরা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বণিক সমিতির ব্যানারে ব্যবসায়ী নেতারা স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দেশের চলমান অর্থনৈতিক সংকট, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাজুক জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে নতুন করে অতিরিক্ত কর আরোপ সাধারণ মানুষের জন্য চরম বোঝা হয়ে দাঁড়াবে।
স্মারকলিপিতে বলা হয়, যখন মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে, তখন পৌরসভার কর কাঠামো বহুগুণ বাড়ানো হলে তা জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তাই এই কর বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত রেখে বাস্তবতা বিবেচনায় পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।
পৌরবাসীর প্রতিনিধি হিসেবে বণিক সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির (রাজা)-এর নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল পৌর প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন। এ সময় তারা বলেন, কর বাড়ানোর আগে পৌরসেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সম্প্রসারণ ও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করা জরুরি।
স্মারকলিপি গ্রহণ করে মাগুরা পৌরসভার পৌর প্রশাসক ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। এদিকে ব্যবসায়ী ও পৌরবাসীদের অভিযোগ, অতিরিক্ত কর আদায়ের বিপরীতে পৌরসভার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো নতুন সেবা বা উন্নয়ন চোখে পড়ছে না। বরং সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক সেবার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে তারা মনে করেন।
বণিক নেতারা স্পষ্ট ভাষায় জানান, জনস্বার্থ উপেক্ষা করে কর বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে ব্যবসায়ী সমাজ ও পৌরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না। সুশীল সমাজের অভিমত, বর্তমান সময়ে কর বাড়ানো নয়—বরং জনগণের স্বস্তি নিশ্চিত করা, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নই হওয়া উচিত মাগুরা পৌরসভার প্রধান অগ্রাধিকার।
আপনার মতামত লিখুন :