জঙ্গী সংগঠনগুলোকে বিএনপি,জামায়াত মদদ দিচ্ছে বলেই সাবধান থাকতে হবে: আইনমন্ত্রী


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
জঙ্গী সংগঠনগুলোকে বিএনপি,জামায়াত মদদ দিচ্ছে বলেই সাবধান থাকতে হবে: আইনমন্ত্রী

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:জঙ্গী সংগঠনগুলোকে বিএনপি -জামায়াত মদদ দিয়ে যাচ্ছে বলেই সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশংকা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

 

তিনি আরও বলেন, যতদিন জঙ্গী সংগঠনগুলোকে বিএনপি-জামায়াতের মদদ থাকবে ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে, সাবধান থাকব।

 

এ ছাড়া দলীয় প্রতীকে অন্যান্য রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে আওয়ামীলীগের ভূমিকা কি হবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও দলের নীতি নির্ধারকেরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

 

এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে আখাউড়া বড় বাজার ধরখার সড়কে পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।

 

প্রসঙ্গত, পাঁচ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ৯৬.১০ মিটার দীর্ঘ পিসি গার্ডার বনগজ ব্রিজের নির্মাণকাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

 

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল,ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম সাফিসহ দলীয় নেতাকর্মীরা।