নবম পে-স্কেলে বেতন পেতে পে-ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ ২৫৬
নবম পে-স্কেলে বেতন পেতে পে-ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পেতে বেতন নির্ধারণ বা ‘পে-ফিক্সেশন’ করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারি চাকরিজীবীদের মতো তাঁদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হতে পারে।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে গত ৯ নভেম্বর অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হলেও তাঁদের জন্য নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদানের পৃথক সরকারি আদেশ এখনো জারি হয়নি। এ অবস্থায় নতুন স্কেল অনুযায়ী তাঁদের বেতন-ভাতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাউশি সূত্রের বরাতে জানা গেছে, অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারি হওয়ার পর পে-ফিক্সেশন কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা নির্ধারণ করা হবে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঠিক কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। অর্থ বিভাগের আনুষ্ঠানিক অনুমোদন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় নির্দেশনা জারির পরই বাস্তবায়নের সময়সূচি স্পষ্ট হবে।

নতুন বেতন কাঠামো কার্যকরের অপেক্ষায় থাকা দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পে-ফিক্সেশন তাই গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০