মহানবীর (সা.) জীবনাদর্শ মুসলিম উম্মাহর জন্য অবশ্য অনুসরণীয়: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ ১০৪
মহানবীর (সা.) জীবনাদর্শ মুসলিম উম্মাহর জন্য অবশ্য অনুসরণীয়: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিত করতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ সকল মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করেন। তার আগমন মানবজাতির জন্য বয়ে আনে রহমত, শান্তি ও মুক্তির বার্তা।

তৎকালীন আরব সমাজের অন্যায়, অসত্য ও অন্ধকার দূর করে মানুষকে তিনি আলোর পথ দেখান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর জগতে তাওহীদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পণ করেন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে হজরত মুহাম্মদ (সা.) অসীম ধৈর্য, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন এবং সমগ্র পৃথিবীতে পবিত্র কোরানের মর্মবাণী ছড়িয়ে দেন।

রাষ্ট্রপতি আরও বলেন, মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সবার ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উম্মতদের দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি প্রার্থনা করেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক এবং মহান আল্লাহ যেন সকলকে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমিন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০