এবার খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপন

✎ নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৬

খুলনায় রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে দুটি প্রচারপত্রও সাঁটানো হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনসংলগ্ন দেয়ালে বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রাফিতি আঁকা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতিও স্থান পায়।

দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের ছবি আঁকা হয়েছিল। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লাগানো হয়েছে।

প্রতিকৃতির পাশে সাঁটানো প্রচারপত্রে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ব্যবহার করা হয়েছে। এতে বিভিন্ন বক্তব্যের পাশাপাশি লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শুক্রবার বিকেলে বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর শুরু করেছে। তবে সড়কের বিপরীত পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কারা এবং কখন এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এসব প্রতিকৃতি শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশে সহায়ক হবে। প্রতিকৃতিতে কালি দেওয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন।

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আহ্বায়ক কাজল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন দীর্ঘদিন ধরে মানুষকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে। তাঁর সাহিত্যকর্মকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখমণ্ডলে কালি দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে আটক করে পুলিশ।

ই-প্রিন্ট