
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি এখন প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে রয়েছে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাদের নেত্রী বিদেশে বসে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্যরাও বিদেশ থেকে এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয় নিয়ে কাজ করছে। আইনের দীর্ঘ হাতের মাধ্যমে তাদের ধরা হবে। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের জায়গা নেই। তাদের এসব কর্মকাণ্ডের অবসান হবে। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সীমিত হয়ে এসেছে। কোথাও পেট্রোল বোমা মেরে, কোথাও আগুন জ্বালিয়ে পালিয়ে যাচ্ছে তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষের কর্মকাণ্ডে দেশের মানুষ কখনো আতঙ্কিত হবে না। বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে, দেশ এমন একটি নতুন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে, যেখানে সবার জন্য সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে গড়ে উঠছে, যে দেশ নিয়ে সবাই গর্ব করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।