টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

✎ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
প্রকাশিত হয়েছে: ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও দুটি ইউনিট পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা ইমরান আলী জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রাথমিকভাবে কারখানাটিকে এসেনশিয়াল ড্রাগসের বলে জানানো হলেও পরে ফায়ার সার্ভিস জানায়, এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কারখানাটির অবস্থান।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ই-প্রিন্ট