
গত শুক্রবার মরহুম শওকত আলী খন্দকারের স্মরণসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, শিগগিরই দর্শনা পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কমিটি ঘোষণার নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
স্থানীয় নেতাকর্মীদের কয়েকজনের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগের কারণে সভাপতি পদে মাহবুব-উল ইসলাম খোকনের নাম গুরুত্ব পাচ্ছে। তিনি বর্তমানে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশেও তাঁর অংশগ্রহণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
খোকনের সমর্থকদের মতে, তাঁকে সভাপতি করা হলে দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন কমিটিতে অন্যদের নামও বিবেচনায় আসতে পারে। শেষ পর্যন্ত দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
বিএনপি-সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, নতুন কমিটিতে যোগ্য, স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের দুর্দিনে ওয়ার্ড পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের কথাও আলোচনায় রয়েছে। তবে কমিটি গঠনের প্রক্রিয়া কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলতে পারেনি সূত্রগুলো।
সভাপতি পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে মাহবুব-উল ইসলাম খোকন বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, দর্শনা পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দল-মতনির্বিশেষে পৌরবাসীর কল্যাণে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।