
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
তিনি আরও লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
পোস্টে ইশরাক বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় ইশরাককে নিয়ে বিতর্ক তৈরি হয়। এ ঘটনার পর তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে গত রাতে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনগুলোতে সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পদত্যাগের নির্দেশ দেন। রাত ১০টা ৩৪ মিনিটে বাংলাদেশ টেলিভিশনের একটি সংবাদ টিকারেও এ তথ্য প্রচার করা হয়। তবে কিছুক্ষণ পর টিকারটি সরিয়ে নেওয়া হয়।
রাত ১১টা ২২ মিনিটে বিটিভির আরেকটি টিকারে ইশরাকের বরাতে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলা হয়। এরপর আজ সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার সময় জানান তিনি।