
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। সংগঠন তিনটি বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাঁদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে।
একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তদন্ত চলাকালে তাঁদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
এরপর ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। এতে অধ্যাপক স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও অন্তর্ভুক্ত ছিল।
তবে ছাত্রসংগঠনগুলোর দাবির কয়েক দিনের মধ্যে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি।