
আকাশজুড়ে মেঘ, সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কখনো টিপটিপ, আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ভিজছে চুয়াডাঙ্গার পথঘাট। বৃষ্টিতে প্রকৃতি কিছুটা স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাঁদের উপার্জনের চাকা। কাজ না থাকলে আয় নেই, আর আয় না থাকলে সংসার চালানোও কঠিন হয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ছাতা কিংবা মাথায় পলিথিন দিয়ে জরুরি প্রয়োজনে কিছু মানুষ বাইরে বের হলেও স্বাভাবিক দিনের তুলনায় মানুষের চলাচল ছিল কম। এতে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক, ইজিবাইকচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।
চুয়াডাঙ্গা বাজার এলাকায় বৃষ্টিতে ভিজে মাথায় পলিথিন জড়িয়ে ভ্যানগাড়িতে তেলের ড্রাম টানছিলেন ভ্যানচালক হাসান আলী। বৃষ্টির পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়। বৃষ্টি বেশি হলে মানুষ ঘর থেকে বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে মাত্র একটি ভাড়া পেয়েছি। আয় বলতে তেমন কিছুই হয়নি। তাই বৃষ্টিতে ভিজেই ভাড়া মারছি।’
একই অভিজ্ঞতার কথা জানালেন ইজিবাইকচালক রিপন আলী। তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুব কষ্টের। কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই ভিজতে ভিজতেই বের হয়েছি। কিন্তু যাত্রী কম থাকায় আয়ও কম হচ্ছে।’
নির্মাণশ্রমিক ইদ্রিস আলী বলেন, ‘আমাদের মতো দিনমজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানে একদিনের খাবারের চিন্তা। বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে। তখন সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।’
শুধু শ্রমজীবী মানুষই নন, টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়কেও পানি জমেছে। এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারপরও জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষকে বৃষ্টি উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
তাঁদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ কিংবা কাদামাটি নয়; বৃষ্টি মানে অনেক সময় এক দিনের উপার্জন হারানোর শঙ্কা। মাথার ওপর ঝরছে বৃষ্টি, পায়ের নিচে পিচ্ছিল পথ—সব প্রতিকূলতা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষ।
শুক্রবার (২০ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টির কারণে শহরের ব্যস্ততা কিছুটা কমে এলেও থেমে নেই শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম। কারণ তাঁদের জীবনে কাজ বন্ধ হলে আয় বন্ধ হয়, আর আয় বন্ধ হলে সংসারের চুলায় আগুন জ্বালানোই হয়ে পড়ে কঠিন।