শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়: ফরিদা আখতার


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ ৪৬
শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়: ফরিদা আখতার

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ছাড়া শুধু সরকার পরিবর্তনে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, শেখ হাসিনার বিচার এই মাটিতেই হতে হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। এই বিচারের ভার অন্য কোনো সরকারের হাতে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তিনি বিচার নিশ্চিত করতে রাজপথে থাকা জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব।

রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, আমরা শুধু সরকার পরিবর্তনের জন্য লড়াই করিনি। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা এখনও বহাল আছে। এই সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা রেখে শুধু সরকার পরিবর্তন করে আমরা তেমন কিছু অর্জন করতে পারবো না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতাকর্মী অর্থের বিনিময়ে ক্ষমতাচ্যুতদের দোসরদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নামে অনেকে এখন টাকার লেনদেন ও দুর্নীতিতে জড়িত। এসব ব্যক্তিকে আইনের হাতে তুলে দেওয়া জরুরি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ তুলে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন দেশে সুশাসনের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে আবারও দেশ অশান্ত করার চেষ্টা করছে। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।আলোচনা সভা শেষে আহত শিক্ষার্থী ‘জুলাই যোদ্ধাদের’ হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এছাড়া, আহত ৫০ জন যোদ্ধাকে অটোরিকশা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১