
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাকে নয়, সাধারণ পোশাকেই প্রধানমন্ত্রী চালকের আসনে বসে সামরিক যান চালাচ্ছেন। তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা কিছু সময় স্বর্ণদ্বীপের বিভিন্ন এলাকায় ওই সামরিক যান নিয়ে ঘোরেন।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
তিন বাহিনীর সমন্বয়ে আয়োজিত এ বিশেষ মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।