
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটার পুড়ে থাকতে পারে।
ফেসবুক লাইভে মাহদী হাসান দাবি করেন, প্রথমে তাঁর বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বিদ্যুতের মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়া হয়। লাইভে তাঁকে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। এ সময় বাসার বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও দেখান তিনি।
তবে স্থানীয় কয়েকজনের বক্তব্য, এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা, নাকি বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ঘটনাস্থলটি মাহদী হাসানের চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরে বিদ্যুতের মিটার থেকে বিভিন্ন অটোরিকশা চার্জ দেওয়া হয়। অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটারটি পুড়ে যেতে পারে। তারপরও বিষয়টি পুলিশ তদন্ত করছে।