জামায়াত কর্মীদের বাইরে ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম

✎ নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে: ২৪ অক্টোবর, ২০২৬

নির্বাচনের আগে বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিয়েছে, কিন্তু ভোটের পর মানুষের পাশে নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, জামায়াত নিজেদের কর্মীদের বাইরে একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। জাতীয় নির্বাচনে দলটিকে ভোট দিয়ে এখন অনেকেই আফসোস করছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

জাতীয় নির্বাচনে জামায়াতকে ভোট দিয়ে যারা এখন অনুতপ্ত, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে পূজা ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনেক কথা বলা হলেও এখন তাঁদের খোঁজ নেওয়ার সময় জামায়াতের নেতাদের পাওয়া যাচ্ছে না। দলটি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে বলেও অভিযোগ করেন তিনি।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও জামায়াতের কোনো কথা নেই বলে মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।

ই-প্রিন্ট