
তিনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। প্রধানমন্ত্রী এলে আমি তাঁর সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।
শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। তাঁর দাবি, হামলাকারীরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয় (বালুঘাটে চাঁদাবাজি)। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, এই কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোনো জায়গায় ঠিক নেই। গত ৫৫ বছরের ভেতরে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাঁদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাঁকে সব বলব।’
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।’
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দুই তারিখে আসবেন কুষ্টিয়াতে, দল-মতনির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই। করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।’
এ সময় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক বক্তব্যও দেন আমির হামজা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাথে মিল করে যদি আপনাকে আবার চলা লাগে, আর সংসদে আপনি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবেন, “আসেন, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক হই।” আর এদিকে আপনি ঘাট চালাচ্ছেন আওয়ামী লীগকে সাথে নিয়ে। একটা কথা হলো? আপনার কথার সাথে তো বাস্তবের কোনো মিল নেই।’