
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নানকের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। এ খবর ছড়িয়ে পড়ার পর জেলার সীমান্তবর্তী তিন উপজেলা—কসবা, আখাউড়া ও বিজয়নগরে সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নেতা-কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
বুধবার দুপুরে সরেজমিনে সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।
জেলা বিএনপির এ উদ্যোগের ফলে কসবা, আখাউড়া ও বিজয়নগরের সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ এবং সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। এ অবস্থান থেকেই তিনি নিজে সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং নেতা-কর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দিয়েছেন।