
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন চেন ইয়ং। পরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন বলে অভিযোগ রয়েছে। এরপর নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে।
চেন ইয়ংকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী থানায় উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও তাঁকে নিজের স্বামী বলে দাবি করেন। পুলিশ প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে তাঁর বিয়ের তথ্য পেয়েছে বলে জানিয়েছে। তবে এসব সম্পর্ক ও বিয়ের প্রকৃত অবস্থা এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও নারী প্রতারণা বা নির্যাতনের শিকার হয়েছেন কি না এবং এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।