সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক

✎ নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৬

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি পান এবং বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেন।

স্পিকার আরও জানান, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার বিষয়টি পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ই-প্রিন্ট