‘অগ্নিসংযোগের’ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি: নুসরাত তাবাসসুম

✎ নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশিত হয়েছে: ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে সন্দেহ করছেন তিনি। তাঁর ধারণা, বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছে নুসরাত তাবাসসুম সাংবাদিকদের বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে তাঁর ধারণা, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নুসরাত তাবাসসুম জানান, ওই বাড়িতে তাঁর পরিবারের কেউ বসবাস করেন না। বাড়িটির কেয়ারটেকার শাহ আলমের পরিবার সেখানে থাকত। বাড়ির ভেতরেই তাঁর একটি খামার ছিল।

ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নুসরাতের বাবা আবদুল হালিম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা বসে গল্প করছিলেন। এ সময় বিকট শব্দে তাঁদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। এটি তাঁদের পৈতৃক বাড়ি এবং একসময় তাঁরা সেখানেই বসবাস করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাড়িতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম জানান, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকটি বিকট শব্দ শুনতে পান। পরে ঘরে আগুন দেখতে পান। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তাঁর পরিবারের সবকিছু পুড়ে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন।

নুসরাত তাবাসসুমের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় নুসরাত তাবাসসুমের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন ওই ভবনে ছড়িয়ে পড়েনি।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ই-প্রিন্ট