বিদ্যুৎ সাশ্রয়ে মাঠে নামলেন তিন টাইগার

✎ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত হয়েছে: ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর বার্তাও দিয়েছেন তারা।

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক সচেতনতামূলক বার্তায় তাসকিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির সঙ্গে জ্বালানি ব্যবহারের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি হচ্ছে একটি লং টুর্নামেন্ট, অযথা জ্বালানি পুড়িয়ে আজকেই সব শেষ করে দেব না।’

বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান নাজমুল হোসেন শান্ত। দিনের আলো কাজে লাগিয়ে কৃত্রিম আলোর ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দিনের আলোয় যদি ঘর ভরে থাকে, তবে কৃত্রিম আলোর প্রয়োজন কী?’

এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয়েও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব বলে জানান শান্ত। তার ভাষায়, ‘১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে প্রায় ৪ ইউনিট জ্বালানি সাশ্রয় হয়।’

শক্তি সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘চ্যাম্পিয়নরা জানে কীভাবে শক্তি জমিয়ে রাখতে হয়।’

বিদ্যুৎ সাশ্রয়ে নিজেদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তাসকিন বলেন, ‘এবার আমাদের পালা, বিদ্যুৎ সাশ্রয়ের পথে চলা। নবায়নযোগ্য শক্তিতে আস্থা রাখি।’

টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই বলেও বার্তা দেন শান্ত ও মিরাজ। তাদের যৌথ বক্তব্য, ‘টেকসই উন্নয়ন যদি চাই, বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই।’

সবশেষে তিন ক্রিকেটার সম্মিলিতভাবে বলেন, ‘নবায়নযোগ্য শক্তি জ্বালানি সংকট থেকে মুক্তি।’

ই-পেপার সাবস্ক্রাইব করুন

ই-প্রিন্ট