কুলাউড়ায় গ্রামের বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, সিন্ডিকেটের কবলে জিম্মি সাধারণ ক্রেতা


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ ৬০
কুলাউড়ায় গ্রামের বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, সিন্ডিকেটের কবলে জিম্মি সাধারণ ক্রেতা

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কুলাউড়া সদর, ব্রাহ্মণবাজার, জয়চণ্ডী, ভাটেরা, টিলাগাঁও, রাউৎগাঁও, কাদিপুর, পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুরসহ উপজেলার প্রায় সব গ্রামীণ হাটবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আলু, সবজি, ডিম, মুরগি ও মাছের দাম সপ্তাহের ব্যবধানে কয়েক দফা বেড়েছে। একই পণ্য এক বাজারে এক দাম, আরেক বাজারে আরেক দামে বিক্রি হচ্ছে। অধিকাংশ দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা টাঙানো নেই। ফলে ক্রেতারা দরদাম করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।

ক্রেতারা বলছেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। পাইকারি বাজার থেকে পণ্য কিনে মজুত করে রেখে পরে চড়া দামে ছাড়া হচ্ছে। গ্রামের ছোট ব্যবসায়ীরাও বাধ্য হয়ে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। আর এই চাপের সব বোঝা পড়ছে দিনমজুর, কৃষক, রিকশাচালক ও নিম্নআয়ের পরিবারের ওপর।

ভুক্তভোগী এক দিনমজুর বলেন, “আগে যে টাকায় এক সপ্তাহের বাজার হতো, এখন তা দিয়ে তিন দিনও চলে না। চাল কিনলে সবজি কেনা যায় না, সবজি কিনলে ডিম কেনা যায় না।” আরেক গৃহিণী বলেন, “বাচ্চাদের ডিম-দুধ জোগাড় করাও এখন কঠিন হয়ে গেছে। বাজারে গেলে মন খারাপ হয়ে ফিরতে হয়।”

ব্যবসায়ীদের কেউ কেউ পাল্টা অভিযোগ করে বলেন, পরিবহন খরচ, পাইকারি বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বাড়ছে। তবে ক্রেতাদের দাবি, সরবরাহের অজুহাতে যে হারে দাম বাড়ানো হচ্ছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়। এটি স্পষ্টতই মুনাফালোভী সিন্ডিকেটের কারসাজি।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামের বয়স্ক, বিধবা ও ভাতানির্ভর পরিবারগুলো। অনেকেই বাজার থেকে ফিরছেন খালি হাতে। কেউ কেউ বাকিতে পণ্য কিনে ঋণের বোঝা বাড়াচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি হচ্ছে।

এদিকে বাজার তদারকিতে প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হলেও তা স্থায়ী কোনো সুফল বয়ে আনছে না। অভিযান শেষ হলেই আবার আগের দামে ফিরে যান ব্যবসায়ীরা।

স্থানীয়রা দ্রুত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক করা, মজুতদার ও অতিরিক্ত মুনাফালোভীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং পাইকারি থেকে খুচরা পর্যন্ত দামের স্বচ্ছ তদারকির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। অন্যথায় গ্রামের বাজারগুলোতে ক্ষোভ থেকে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০