নওগাঁয় প্রতিবন্ধী রাজ্জাকের দোকানঘর এখনো উদ্ধার হয়নি


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
নওগাঁয় প্রতিবন্ধী রাজ্জাকের দোকানঘর এখনো উদ্ধার হয়নি

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক দীর্ঘ সাত মাস ধরেও নিজের বরাদ্দ পাওয়া দোকানঘর ফিরে পাননি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস ও সময়সীমা নির্ধারণ করা হলেও এখনো উচ্ছেদ অভিযান বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রশান্ত কুমারের নির্দেশনায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে আগামী ২১ মের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলিজনিত কারণে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, সাবেক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশাদ হাসানের বদলি চলতি মাসের শুরুতেই হয়। পরে ৩ মে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. খাইরুজ্জামান যোগ দেন। এরই মধ্যে তাঁরও বদলির আদেশ হয়েছে বলে জানা গেছে।

রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রশান্ত কুমার বলেন, নির্দেশনায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম উল্লেখ ছিল। তিনি বদলি হওয়ায় উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। জেলা প্রশাসক নতুন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলে দোকানঘর বুঝিয়ে দিতে প্রশাসনের কোনো আপত্তি নেই।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়। বদলিজনিত কোনো জটিলতা আছে কি না, সেটি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেখা হচ্ছে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, “অনেক জায়গায় গেছি, অভিযোগ দিয়েছি। সবাই শুধু আশ্বাস দিয়েছে। ওই ছোট দোকানটাই ছিল আমার সংসারের একমাত্র ভরসা। আমি শুধু আমার ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই।”

জানা গেছে, গত বছরের ২৪ অক্টোবর নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন বাজারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া রাজ্জাকের দোকানঘর দখলের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির ব্যানার ব্যবহার করে দোকানঘরটি ভেঙে সেখানে নতুন নির্মাণকাজ শুরু করা হয়।

ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও উচ্ছেদের আশ্বাস দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল মাসেও অবৈধ দখলদারদের উচ্ছেদে লিখিত নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, একজন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির সরকারি বরাদ্দ পাওয়া দোকান দীর্ঘদিন ধরে দখলে থাকা অত্যন্ত দুঃখজনক। তাঁদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে রাজ্জাকের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। ২১ মে নির্ধারিত সময়সীমা ঘিরে এলাকায় আলোচনা চলছে। প্রশাসন শেষ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয় কি না, সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০