লালমনিরহাট সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থের দাবি বিজিবির


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
লালমনিরহাট সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থের দাবি বিজিবির

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ভাষ্য, সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহলের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) ভোরে জেলার তিনটি পৃথক সীমান্ত এলাকায় মোট ৩৩ জন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারী-দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন।

খবর পাওয়ার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয় এবং কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি জোরদার করা হয়। বিজিবির দাবি, এ কারণে দিনভর ওই ব্যক্তিরা শূন্যরেখা ও ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থান করলেও বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি।

বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে হাতীবান্ধার বড়খাতা বিওপির আওতাধীন বুড়া সারডুবি সীমান্তের ৮৮৬ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় অবস্থানরত ১১ জনকে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যান। তবে এ বিষয়ে বিএসএফের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের প্রচেষ্টা প্রতিহত করতে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। বাহিনীর দাবি, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০