নোয়াখালীর হাতিয়া নদীপথে যাত্রী পারাপারে ৫ টাকার বেশি টোল নিলে ব্যবস্থা


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ ৪৪
নোয়াখালীর হাতিয়া নদীপথে যাত্রী পারাপারে ৫ টাকার বেশি টোল নিলে ব্যবস্থা

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটে যাত্রী ও নৌযান থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের পর নির্ধারিত হারে টোল ও বিভিন্ন চার্জ আদায়ের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। যাত্রীপ্রতি ৫ টাকার বেশি ঘাট টোল আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

রোববার (৯ আগস্ট) যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন, হাতিয়া থানা পুলিশ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিষয়টি পর্যালোচনা করা হয়। পরে নির্ধারিত রেট অনুযায়ী টোল ও বিভিন্ন চার্জ আদায়ের বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানঘাটে যাত্রীপ্রতি সর্বোচ্চ ৫ টাকা ঘাট টোল আদায় করা যাবে। এর বাইরে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। স্পিডবোট, ট্রলারসহ অন্যান্য নৌযানের ক্ষেত্রে বিআইডব্লিউটিএর নির্ধারিত রেটচার্ট অনুযায়ী সংশ্লিষ্ট চার্জ আদায় করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্পিডবোটের বার্ডিং/বার্দিং চার্জ নির্ধারিত রেটচার্ট অনুযায়ী আদায় করতে হবে। তবে ট্রলারে যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের নির্ধারিত হারের অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কেউ অতিরিক্ত টাকা দাবি করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “যাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। বিআইডব্লিউটিএর নির্ধারিত রেটচার্টের বাইরে কোনো ধরনের অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য যাত্রীদের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত হারের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১