ভোলায় সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সকাল ১০টার দিকে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের মধ্যে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যায়। নৌকাডুবির খবর পাওয়ার পর কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে ডুবে যাওয়া নৌকাটিতে থাকা দুই জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার করা দুই জেলে ও নৌকাটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মানুষের জীবন রক্ষায় জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :