
এবারের বিশ্ব স্ট্রোক দিবসের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্টস’ সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অ্যাক্ট ফাস্ট’ সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো স্ট্রোকের প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তিকে জরুরি চিকিৎসার আওতায় আনা।
অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, স্ট্রোক একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা। এ ক্ষেত্রে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে এবং চিকিৎসায় বিলম্ব হলে জটিলতার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই স্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।
এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, স্ট্রোকের ক্ষেত্রে চিকিৎসা শুরু করতে দেরি হলে রোগীর সুস্থ হওয়ার এমনকি জীবন রক্ষার সম্ভাবনাও কমে যেতে পারে। এ কারণে সম্মিলিত উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। সময়মতো চিকিৎসা পাওয়া গেলে থ্রম্বোলাইসিস বা প্রয়োজনীয় সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব।
নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী বলেন, মুখ বেঁকে যাওয়া, হাত-পা দুর্বল হয়ে পড়া এবং কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ স্ট্রোকের ইঙ্গিত হতে পারে। স্ট্রোক হলে মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়ানোর মাধ্যমেই সময়মতো চিকিৎসা গ্রহণ নিশ্চিত করা সম্ভব।
পেশেন্ট ফোরামে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ) এবং নিউরোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পেশেন্ট ফোরাম শেষে অতিথি, চিকিৎসক, মেডিকেল স্টাফ, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তিকে জরুরি চিকিৎসার আওতায় আনার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
সূত্র: এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সংবাদ বিজ্ঞপ্তি।
আপনার মতামত লিখুন :