চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবসে সচেতনতামূলক কর্মসূচি, সম্মাননা পেলেন ৪ চালক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ ৫৯
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবসে সচেতনতামূলক কর্মসূচি, সম্মাননা পেলেন ৪ চালক

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও দক্ষ চালকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বড়বাজার শহীদ হাসান চত্বরের পুলিশ বক্সের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার মোটরযান চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক তথ্য ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সভা সঞ্চালনা করেন বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী লিটন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক ও নাগরিকেরা দায়িত্বশীল হলে সড়ক আরও নিরাপদ করা সম্ভব।

তিনি আরও বলেন, মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ স্থান ও বাঁকে ওভারটেকিং এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোহাইমিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাস ও ট্রাকচালক, পরিবহনশ্রমিক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পেশাগত দক্ষতা প্রদর্শন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্বাচিত চারজন চালকের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১