শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি: শামা ওবায়েদ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ ১৪০
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি: শামা ওবায়েদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হলে বাংলাদেশ সরকার তার জবাব দেবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে দুটি শর্তের আভাস দেওয়ার কথা বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, “আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি।” তিনি আরও বলেন, প্রতিবেদনটি কোনো আনুষ্ঠানিক সরকারি সূত্র থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ তা বিবেচনা করে জবাব দেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনার ইস্যুর চেয়ে অনেক বিস্তৃত। দুই দেশের মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো কূটনৈতিকভাবে সমাধান করা হবে। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপের বিষয়ে তিনি জানান, নির্ধারিত বৈঠক বাতিল হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর বৈঠকটি হওয়ার কথা ছিল।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় না। তাঁর ভাষ্য, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত হয়েছেন। এ অবস্থায় পাসপোর্ট দেওয়ার বিষয়টি আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে সরকার আশা করে, যাতে তিনি দেশে ফিরে সাজা ভোগ করেন। ভারত কেন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে না—সে প্রশ্নও তোলেন প্রতিমন্ত্রী।

দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদনটি জমা দিয়েছে। মিশন তা গ্রহণ করেছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে। আইন অনুযায়ী, নাগরিকত্ব থাকলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা তৈরি হয় না বলেও মন্তব্য করেন তিনি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০