বারিধারায় কার সঙ্গে বৈঠক করেছিলেন পরওয়ার-মাসুম, শফিকুর রহমানকে জুলকারনাইনের প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ণ ১৩২
বারিধারায় কার সঙ্গে বৈঠক করেছিলেন পরওয়ার-মাসুম, শফিকুর রহমানকে জুলকারনাইনের প্রশ্ন

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো বৈঠকের ইতিহাস নেই বলে সংসদে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ১৬ সেপ্টেম্বর বারিধারায় জামায়াতের দুই শীর্ষ নেতার একটি কথিত সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুর রহমানের উদ্দেশে কয়েকটি প্রশ্ন তুলে ধরেন তিনি।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘শফিক সাহেব, চলুন হয়ে যাক স্মৃতিশক্তির একটা ছোট্ট পরীক্ষা! ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), দুপুর ১১টা ৫০ থেকে ১২টা ৫০—সেক্রেটারি জেনারেল পরওয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন?’

পোস্টে তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তির ভিজিটিং কার্ডে তাঁকে কূটনীতিক হিসেবে পরিচয় দেওয়া হলেও কার্ডের নিচে অন্য পরিচয় রয়েছে। একই সঙ্গে ওই সাক্ষাতের সময় গাড়ি পরিবর্তনের প্রসঙ্গ তুলেও প্রশ্ন করেন তিনি।

জুলকারনাইন সায়ের লেখেন, ‘ও হ্যাঁ, হঠাৎ গাড়ি বদলের শখ জাগল কেন? বাশার সাহেবের গাড়ি থেকে নেমে সোজা উবার চালক বাবুল সাহেবের গাড়িতে! গাড়ির তেল ফুরিয়েছিল নাকি গ্যাস, নাকি এসি নষ্ট হয়েছিল?’

পোস্টের শেষাংশে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি জানতে চান, উবারচালক বাবুলকে অন্তত পাঁচ তারকা রেটিং দেওয়া হয়েছিল কি না।

সংসদে কী বলেছিলেন শফিকুর রহমান?

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ অনুযায়ী দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে সাম্প্রতিক উসকানির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির জানতে চান, তিনি কোন দলের কথা বলছেন। একই সঙ্গে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের ইতিহাস নেই বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো এজেন্সির সঙ্গে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল। আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমাদের এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, যারা তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তাঁদের নিজেদের অতীত কর্মকাণ্ডের দিকে তাকানো উচিত। এ প্রসঙ্গে বিদেশে গিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক এবং অতীতের নীতিগত অবস্থান ভুল ছিল বলে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

এদিকে সংসদে দেওয়া বক্তব্যের পর সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বারিধারায় ১৬ সেপ্টেম্বরের কথিত সাক্ষাৎ, সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় এবং গাড়ি পরিবর্তনের বিষয়ে সায়েরের উত্থাপিত প্রশ্নগুলোর স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০