আলোচনায় কুমিল্লা সিটি নির্বাচন উপ-নির্বাচন!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
আলোচনায় কুমিল্লা সিটি নির্বাচন উপ-নির্বাচন!

মেয়র পদে লড়তে আ.লীগ-বহিষ্কৃত বিএনপির একাধিক নেতা তৎপর

রুবেল মজুমদার:কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি কর্পোরেশন। নির্বাচন কমিশনের বিধিমতে,সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হইবার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

 

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে,আগামী মাসের ফেব্রুয়ারি মাঝামাঝি সময় কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে তাফসিল ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশনার। সে হিসাবে এ বছর এপ্রিল শেষদিক অথবা মে মাসের প্রথম দিকে নির্বাচন হতে পারে। তাই জানুয়ারি শেষদিকে জাতীয় নির্বাচনের পর পরেই কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনী আবহ শুরু হয়েছে। এসব বিবেচনায় নিয়ে বিভিন্ন মহল বা প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানামুখী নির্বাচনী তৎপরতা। শুরু হয়েছে নানা মেরুকরণও। নগরের নাগরিকরা আলোচনা করছেন নির্বাচনী নানা বিষয়ে।

 

কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগ একাধিক নেতা ও বহিষ্কৃত বিএনপির দুই নেতাকে কেন্দ্র করেই আলোচনা জোরালো হচ্ছে। এ ছাড়া মেয়র পদে নির্বাচন করার সামর্থ্য বা জনপ্রিয় কোনো নেতা বা প্রার্থী অন্য কোনো দলে নেই। শুধু অংশগ্রহণের জন্য যদি কেউ নির্বাচন করেন, তা করতে পারেন। তবে এ দুদলের বাইরে গিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সামর্থ্য এখনো কারও হয়নি বলে মনে করেন নগরীর ভোটাররা।

 

 

কুসিক নির্বাচন নিয়ে উল্লেখ করার মতো বড় বিষয় হচ্ছে, আওয়ামী লীগের মনোনয়ন। ভোটের মাঠ জমার আগেই জমে ওঠে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের রাজনৈতিক প্রক্রিয়া।

 

নগরবাসী মনে করে, সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিতে না পারলে কুমিল্লায় মেয়র পদে বিজয় ছিনিয়ে আনা এবার বেশ কঠিন হবে। এখানে জয়লাভের ক্ষেত্রে সব সময়ই কাজ করে প্রার্থীর ব্যক্তিগত ক্লিন ইমেজ। ভোটাররাও সব সময় মনে করেন, এমন ক্লিন ইমেজের নেতা মেয়র হয়ে আসুন, যার দরজা জনগণের জন্য সব সময় থাকবে খোলা।

 

আসন্ন উপ- নির্বাচনে নির্বাচনে কুসিক মেয়র পদে আওয়ামীলীগ থেকে কে মনোনয়ন পাচ্ছেন, স্বতন্ত্র হিসেবে কারা মেয়র পদে লড়তে পারেন, সেসব নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও মেরুকরণ।

 

এখন পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় সংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসান বাহার সূচি,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান,ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নূর মোহাম্মদ তানিম,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সাবেক সভাপতি কবির ইসলাম শিকদার,আনিসুর রহমান মিঠুসহ আরো বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে তৎপরতা চালাচ্ছেন।

 

এদিকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বিএনপি থেকে বহিষ্কৃত আরেক নেতা নিজামুদ্দিন কাউসারের অনুসারীরা নির্বাচনে ইঙ্গিত দিয়ে প্রচার -প্রচারণা শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । নির্বাচন মুখী নানা তৎপরতায় তারা ভোটে অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছেন।

 

তবে বরাবরের মতো কুসিক নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। তাকে ডিঙিয়ে এখানে নির্বাচনী মেকানিজম কঠিন বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক।

 

এদিকে প্রায় চার দশক ধরে চলা কুমিল্লায় খান পরিবারের সঙ্গে বাহাউদ্দীনের রাজনৈতিক দ্বন্দ্ব এখনো চলমার রয়েছে। গুঞ্জন রয়েছে এ উপ-নির্বাচনে নির্বাচন করতে পারেন কুমিল্লা-৬ আসন থেকে সদ্য জাতীয় সংসদ নির্বাচন করা প্রয়াত আওয়ামীলীগ নেতা আফজাল খানের কণ্যা আঞ্জুম সুলতানা সীমা। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়নি খান পরিবারের কেউ।

 

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের বহুমুখী উন্নয়নের জন্য১৫৩৮ কোটি টাকার বিশাল বরাদ্দ দিয়েছে সরকার। এসব বরাদ্দের কিছু কাজ চলমান রয়েছে, অধিকাংশ কাজই এখনো শুরু হয়নি,তাই এবার কুমিল্লা সিটি নির্বাচনে উপ- নির্বাচনের ভিন্ন আবহ সৃষ্টি হতে পারে।