কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, চরম দুর্ভোগে এলাকাবাসী


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ মজলিশপুর-বারাহীপুর হাজারিবাড়ী সড়কে নির্মাণাধীন দুটি কালভার্টের কাজ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় কাজ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মজলিশপুর থেকে বারাহীপুর হাজারিবাড়ী হয়ে ফেনী সদরে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কে দুটি কালভার্ট পুনর্নির্মাণের কাজ শুরু হয়। শুরু থেকেই নিম্নমানের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। নির্মাণমান নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের মান উন্নয়নের পরিবর্তে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে।

ফলে এক মাসেরও বেশি সময় ধরে কালভার্ট দুটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এতে সড়কের ওই অংশে পানি ও কাদা জমে চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল ও মক্তবগামী শিক্ষার্থীরা। প্রতিদিন তাদের কাদা ও পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অসুস্থ রোগী, বৃদ্ধ-বৃদ্ধা ও সাধারণ মানুষও চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অনেককে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান এক ধরনের প্রতিশোধমূলক আচরণ করছে। তারা দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু, কাজের মান নিশ্চিত এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

দক্ষিণ মজলিশপুর ও বারাহীপুর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কালভার্ট দুটির কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০