কুমারখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ ৬৪
কুমারখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ডের শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও এবং ইউএনওর কুশপুতুল দাহ করেন তারা।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আন্দোলনকারীরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশে ফারজানা আখতার বলেন, নিয়োগ নিয়ে কোনো অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা জমা দিতে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের দাবি জানিয়ে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান ও সদস্য সচিব আবু কাউসার অপুর নেতৃত্বে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি সাজেদা পারভিন, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা, কুমারখালী পৌর ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারির কাজে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসব নিয়োগ বাতিল করে বিএনপির নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার দাবি জানান।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু অভিযোগ করেন, যোগ্য ছাত্রদলকর্মী থাকা সত্ত্বেও শুমারির কাজে আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিয়োগপ্রক্রিয়া পুনরায় যাচাই-বাছাই এবং ইউএনওকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান।

কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহাও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনওর অপসারণ দাবি করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও ফারজানা আখতার। তিনি বলেন, “আন্দোলনকারীদের বলা হয়েছে, তথ্য-প্রমাণসহ অভিযোগ জমা দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ফ্যামিলি কার্ডের বিষয়টি নিয়ে সমস্যা সমাধানে ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১