পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর


মো. তোতা মিয়া, পঞ্চগড় প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ ৩২
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা হিসেবে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নারী উদ্যোক্তাদের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলার বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে নির্ধারিত স্থানে নিয়মিত প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে বিপণনের সুযোগ বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। তিনি সহজ শর্তে ঋণ প্রদান, হস্তশিল্পে সহায়তা এবং বিভিন্ন সরকারি সুবিধা সম্প্রসারণের বিষয়েও আশ্বাস দেন।

তিনি আরও বলেন, উদ্যোক্তারা যাতে মাঝপথে ঝরে না পড়েন, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জেলায় পর্যটনবান্ধব অবকাঠামো ও রিসোর্ট গড়ে তোলা গেলে পর্যটকের সংখ্যা বাড়বে এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসাও সম্প্রসারিত হবে। একই সঙ্গে পণ্যের গুণগত মান বজায় রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের পরামর্শ দেন তিনি।

সভায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা জানান, তারা বুটিক, সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও সহজ ঋণ ও আর্থিক সহায়তার অভাবে ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে তারা আরও এগিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রশিক্ষণ, বাজার সৃষ্টি, নীতিগত সহায়তা এবং আর্থিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. বারী, চেম্বার পরিচালক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১