ফেনীর তেমুহনী বাজারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ ১১৪
ফেনীর তেমুহনী বাজারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তেমুহনী বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ফেনী জেলা যুবদলের সদস্য ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল হান্নান, ওয়ার্ড জামায়াতের আমির নুরুল আমীন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইন উদ্দিন বেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুর রহমান লাবলু এবং জামাল একাডেমির প্রধান শিক্ষিকা তাহুরা শামিম।

বক্তারা বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় সড়কের পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর আর কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই তেমুহনী বাজারে পানি জমে যায় এবং বাজার ও সড়কে চলাচল ব্যাহত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে এবং ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ে।

যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি বলেন, তেমুহনী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। আশপাশে একাধিক স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। দ্রুত ড্রেন নির্মাণ করে এ সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানান তিনি।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে বাজারের ক্রেতা-বিক্রেতারা জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।
সমাবেশ থেকে দ্রুত ড্রেন নির্মাণ ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১