
বিজিবি সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় বালারহাট বিওপির টহলদল অভিযান চালায়। সন্দেহজনক কয়েকজনকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫ দশমিক ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
একই দিন রাত ৩টা ২০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করে ঝাউরানী বিওপির টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
এর আগে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবগীস এলাকায় গংগারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করে। এ সময়ও চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি জানায়, জব্দ করা গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ২৫০ টাকা, ইস্কাপ সিরাপের ৩৯ হাজার ৬০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের ৩২ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় চোরাচালান, মাদকপাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :