২৪ ঘণ্টায় বারোমাসি বিলের লাশের রহস্য উদ্ঘাটনের দাবি নওগাঁ পুলিশের


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় বারোমাসি বিলের লাশের রহস্য উদ্ঘাটনের দাবি নওগাঁ পুলিশের

নওগাঁর বারোমাসি বিল থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। এ ঘটনায় নিহতের দুই ব্যবসায়িক অংশীদারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে নওগাঁ সদর উপজেলার বারোমাসি বিলে কচুরিপানার নিচে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি বগুড়ার আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি পুরাতন মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এর আগে ৯ জুন তাকে নিখোঁজ উল্লেখ করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও সদর থানার কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। তদন্তে প্রযুক্তি, গোপন তথ্য ও বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে নওগাঁ শহর থেকে জয়নুল এবং মান্দা উপজেলা থেকে আশরাফুল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন যে, ব্যবসায়িক বিরোধের জেরে তারা আরও এক সহযোগীকে নিয়ে শফিকুল ইসলামকে হত্যার পরিকল্পনা করেন। পরে তাকে বারোমাসি বিল এলাকায় নিয়ে গিয়ে শ্বাসরোধ ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এরপর লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রেখে তার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে চলে যান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন বিষয়। আদালতের রায় না হওয়া পর্যন্ত তাদের অপরাধ আইনগতভাবে প্রমাণিত হয়েছে বলে গণ্য করা যায় না।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০