গঙ্গাচড়ায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, রংপুর প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ ৯৮
গঙ্গাচড়ায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে এ ঘটনা ঘটে। হামলায় মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সাংবাদিক দুলালকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি।

স্থানীয় সূত্র ও সাংবাদিক দুলালের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে এ অভিযানের সংবাদ প্রকাশিত হয়।

এরপর থেকেই তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ করেন দুলাল। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় উমর বাজারে তাকে পথরোধ করে কয়েকজন হামলা করেন বলে তিনি জানান। তার অভিযোগ, কয়েকজন তাকে ধরে রাখার পর পেছন থেকে কাঠ কাটার কুড়াল দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে মারধর করা হয়।

দুলালের অভিযোগ, এ সময় তার সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং একটি Oppo A57 মোবাইল ফোন নিয়ে হামলাকারীরা চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের কামরুজ্জামান, তার ছোট ভাই আমানুল্লাহ আমানসহ ৭-৮ জন হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য রায়হান সিরাজী।

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক ও সাধারণ সম্পাদক কমল কান্ত রায় বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানও হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১