
ফেনী শহরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ জুলাই) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ফেনী সদর, ছাগলনাইয়া, কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রাম এবং গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বাসিন্দারা রয়েছেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :