
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন সাধু-ভক্তরা। বসতে শুরু করেছে বিভিন্ন দোকানও।
রোববার (১১ অক্টোবর) সকালে আখড়াবাড়িতে গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণ, রং-তুলি, সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আয়োজকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে।
আয়োজক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। মঞ্চ ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে। সাধু-ভক্ত ও দোকানিরাও আসতে শুরু করেছেন।
লালনভক্ত মামুন সাধু বলেন, লালন সাঁইয়ের তিরোধান দিবস তাঁদের কাছে আত্মশুদ্ধি ও মানবতার মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসছেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, লালন তিরোধান দিবস দেশের লোকসংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বপূর্ণ আয়োজন। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দর্শনার্থীদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :