সুবলপুরে ভৈরব নদীর বুকে আধুনিকতার ছোঁয়া


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ ২৬
সুবলপুরে ভৈরব নদীর বুকে আধুনিকতার ছোঁয়া

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম সুবলপুর। নদী, সবুজ প্রকৃতি, সামাজিক সম্প্রীতি ও আধুনিকতার সমন্বয়ে গ্রামটি দিন দিন হয়ে উঠছে আরও আকর্ষণীয়।

দামুড়হুদা উপজেলা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত সুবলপুরের উত্তরে ভৈরব নদ এবং পূর্বে মাথাভাঙ্গা নদী। গ্রামের উত্তর-পূর্ব প্রান্তে এসে দুই নদীর মিলনস্থল তৈরি করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। নদীর তীরেই রয়েছে সুবলপুরের ঈদগাহ মাঠ।

সাম্প্রতিক সময়ে গ্রামের নতুন আকর্ষণ হয়ে উঠেছে সুবলপুর সুইচগেট। ভৈরব নদীর ওপর নির্মিত এই সুইচগেট অল্প সময়েই স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর সৌন্দর্যের ছবি ছড়িয়ে পড়ায় ছুটির দিনসহ বিভিন্ন সময়ে এখানে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। অনেকে নদীর সৌন্দর্য উপভোগ ও অবসর কাটাতে এখানে আসছেন।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সুবলপুরের রয়েছে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য। গ্রামের মাঝখানে রয়েছে বড় জামে মসজিদ। ঈদের দিনে সুবলপুর ও পার্শ্ববর্তী কাঞ্চনতলা গ্রামের মানুষ একই ঈদগাহ মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন। দুই গ্রামের মানুষের এই মিলন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

গ্রামের দক্ষিণে রয়েছে পরিচিত রাইসার বিল। বর্ষায় বিলের বিস্তৃত জলরাশি, নদী, সবুজ মাঠ ও গ্রামীণ পরিবেশ সুবলপুরকে আরও মনোরম করে তোলে।

স্থানীয়দের মতে, গ্রামে পাঁচ হাজারেরও বেশি ভোটার রয়েছে। শিক্ষার ক্ষেত্রেও গ্রামের অগ্রগতি উল্লেখযোগ্য। শিক্ষার হার প্রায় শতভাগ বলে দাবি স্থানীয়দের।

তবে সুবলপুরের অন্যতম বড় সম্পদ এর মানুষ। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন এখানকার মানুষের জীবনযাত্রার অন্যতম বৈশিষ্ট্য। গ্রামের চায়ের দোকানগুলোতেও প্রতিদিন জমে ওঠে প্রাণবন্ত আড্ডা।

সুবলপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও নতুন সুইচগেটকে ঘিরে পর্যটনের সম্ভাবনাও তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে নদীতীরের পরিবেশ ও পর্যটন সুবিধা উন্নত করা গেলে ভবিষ্যতে এটি চুয়াডাঙ্গার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে।

সুবলপুর তাই শুধু একটি গ্রামের নাম নয়—নদী, প্রকৃতি, সম্প্রীতি ও মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এক প্রাণবন্ত জনপদ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১