কাপ্তাইয়ে টানা বর্ষণে পাহাড় ধস, সড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ ৪২
কাপ্তাইয়ে টানা বর্ষণে পাহাড় ধস, সড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ

টানা ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের একটি অংশে পাহাড় ধস ও গাছ উপড়ে পড়েছে। এতে মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সড়কটিতে সাময়িকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুচড়া এলাকায়। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত থেকে চলমান ভারী বৃষ্টির কারণে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। একই সময়ে পাশের পাহাড়ের মাটি ধসে সড়কের একটি অংশ ঢেকে যায়। এতে উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষও দুর্ভোগে পড়েন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, টানা বর্ষণের কারণেই পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার ও কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুও একই তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ ও ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করার কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন।

এদিকে টানা বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে দুর্ঘটনার আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১